ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি সরকারের মূলনীতি—‘সবার আগে বাংলাদেশ’।
তিনি বলেন, ‘দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’
চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একই সময়ে বন্দরে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাস করার মতো ব্যবস্থাও করা হয়েছিল। এ ধরনের চুক্তি দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় তিনি ক্ষুব্ধ। স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
দেশকে এগিয়ে নিতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া এবং স্বাবলম্বী করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকারের কার্যক্রম পরিচালিত হবে।








