বিমানভাড়াসহ বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম
বিমানভাড়াসহ বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় অগ্রগতি হয়েছে। বিমানভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মতি দিয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ বিনা খরচে এসব কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে কর্মীদের প্রথম দল পাঠাবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।


মন্ত্রণালয় জানায়, আগের সরকারের সময়ের দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। এবার স্বচ্ছ প্রক্রিয়ায় সেই বাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


এ বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।


মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে এবার মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি কাজের সুযোগ পাবে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সি নির্বাচন করেছে। এছাড়া আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বোয়েসেলও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে।



এমকে/বিএম২৪