টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ একই পরিবারের তিনজন, অবস্থা আশঙ্কাজনক

ফাইল ছবি

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে টঙ্গীর মুদাফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) এবং মেয়ে তানিসা আক্তার (১৬)। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে মুদাফা এলাকায় বিএনপি নেতা ফখরুল ইসলামের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানো হয়।


বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, ভাড়া বাসায় আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের পর এ বিষয়ে জানানো হবে।