ফারইস্ট-বায়রাসহ ৭ বিমা কোম্পানির টাকা ফেরত শুরু আগামী সপ্তাহে
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
অনিয়ম ও আর্থিক সংকটে থাকা বিমা কোম্পানিগুলোর গ্রাহকদের আটকে থাকা পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী সপ্তাহ থেকেই প্রথম ধাপে ফারইস্ট ইসলামী লাইফ, বায়রা ও গোল্ডেন লাইফসহ প্রায় ৭ থেকে ৮টি দুর্বল কোম্পানির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার বার্ডে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) এক কর্মশালায় এ তথ্য জানান আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
আইডিআরএ জানিয়েছে, এসব কোম্পানির জমি ও অন্যান্য সম্পদ বিক্রি এবং ট্রেজারি বন্ড ও স্থায়ী আমানত নগদায়ন করে পাওয়া অর্থ পৃথক ব্যাংক হিসাবে সংরক্ষণ করা হয়েছে। আইডিআরের কঠোর তদারকিতে থাকা ওই হিসাব থেকে ‘আগে আবেদন, আগে পরিশোধ’ নীতিতে সরাসরি গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।
এদিকে বিমা খাতে তথ্য গোপন ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, কোম্পানিগুলো গ্যারেজ কিংবা অন্য কোথাও গোপন সার্ভার লুকিয়ে রাখলেও প্রযুক্তিগত নিরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করা হবে। আগামী ছয় সপ্তাহের মধ্যে গোপন বা অতিরিক্ত সার্ভারের তথ্য একীভূত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিমা খাতের ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারে আগামী ডিসেম্বরের মধ্যে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী চার মাসের মধ্যে ব্যাংকের মতো অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’ চালু এবং ব্যাংকে এলসি খোলার আগে আইডিআরের সিস্টেমে কভার নোট অনলাইনে যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দুর্নীতি ও তথ্য গোপন ঠেকাতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার কথাও জানিয়েছে আইডিআরএ। ঘুষের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে চেয়ারম্যান বলেন, কোনো কর্মকর্তা ঘুষ চাইলে বা কোনো প্রতিষ্ঠান ঘুষ দেওয়ার চেষ্টা করলে সরাসরি মামলা করা হবে।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজীম উদ্দিন বলেন, সময়মতো গ্রাহকের বিমা দাবি পরিশোধ না করাই এ খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। নির্ধারিত সময় বা মেয়াদ পূর্তির দিনেই গ্রাহকের ব্যাংক হিসাবে কিংবা সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
এমকে/বিএম২৪









