শার্শায় পুলিশের জালে মাদক কারবারি: উদ্ধার ৩০ বোতল এসকাফ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
শার্শায় পুলিশের জালে মাদক কারবারি: উদ্ধার ৩০ বোতল এসকাফ

শার্শা (যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শায় ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) সিরাপসহ মো. আশা (৪২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 গ্রেপ্তারকৃত মো. আশা শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান (মাঝেরপাড়া) এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুলাই রাতে শার্শা থানা পুলিশের একটি চৌকশ টিম শ্যামলাগাছি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বেনাপোল থেকে যশোরগামী পাকা রাস্তার ওপর মাদক বেচাকেনা হচ্ছে। তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মো. আশাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আশা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।