মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ইয়াছিন
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইয়াছিন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ৯টার দিকে গনিপুর খালপাড় সংলগ্ন পাকা সড়কে সন্দেহভাজন ইয়াছিনকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ইয়াছিন ওই এলাকার মৃত আবুল হাসেম ও মৃত হরমুজা বেগমের ছেলে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জাকির হোসেন।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, “জেলায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ইয়াছিনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।









