ফরাজি পাড়া-পোকখালীর কাঠের জোড়াতালির সংযোগ সাঁকো দিয়ে অর্ধলক্ষাধিক মানুষের ঝুঁকিপুর্ণ যাতায়াত

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম
ফরাজি পাড়া-পোকখালীর কাঠের জোড়াতালির সংযোগ সাঁকো দিয়ে অর্ধলক্ষাধিক মানুষের ঝুঁকিপুর্ণ যাতায়াত

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের ফরাজি পাড়া-পোকখালী সংযোগ সেতুটি উজান থেকে নেমে আসা ঢলে ভেঙ্গে যাওয়ার পর থেকে কাঠের জোড়াতালি সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে লক্ষাধিক মানুষ। এনিয়ে বিভিন্ন সময় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হলে টনক নড়েনি সংশ্লিষ্ট প্রশাসনের। ফলে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, বিগত ৫ বছর আগে ঈদগাঁও উপজেলাধীন জালালাবাদ পূর্ব ফরাজি পাড়া হয়ে পূর্ব পোকখালী সংযোগ সেতুটি পাহাড়ি ঢলে মাঝখান থেকে একটি অংশ তলিয়ে যায়। সে থেকে অবশিষ্ট অংশে এলাকাবাসীর উদ্যোগে কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করে পারাপার করে আসছে। দুই বছর পূর্বে পূনরায় পাহাড়ি ঢলের স্রোতে কাঠের সাঁকোটি তলিয়ে যায়। এলাকাবাসী এবং বিত্তবানদের সহযোগিতায় পুনঃ মেরামত করে অদ্যবধি শত শত শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবি, ব্যবসায়ী, খেটে-খাওয়া দিনমজুর, কৃষক, শ্রমিক জনতা চলাচল করে আসছে।

সম্প্রতি চলমান ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কাঠের তৈরি সাঁকোটি।। ফলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় ধরণের দূর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা করছে স্থানীয়রা।

খোঁজ খবর নিয়ে জানা যায়, দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের সেতুটি টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে কিন্তু এখনও পর্যন্ত নিমার্ণ কাজের কোন প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা কুতুবউদ্দিন চৌধুরী। 

স্থানীয় সংবাদকর্মী শাহিদ মোস্তফা নিজের পেইজবুক পেইজে লিখেন শুনেছি ৩ বছর আগে থেকে এই সেতুটি টেন্ডার হয়েছে তবে তার কোন বাস্তবতা নেই। তিনি আরও লিখেন স্থানীয় জনগণ বর্তমান সরকারের প্রতি আপাতত চলাচলের উপযোগী করে শত শত শিক্ষার্থী ও শ্রমজীবী, পেশাজীবি, ব্যবসায়ী, খেটে-খাওয়া দিনমজুর, কৃষক, শ্রমিক জনতার দুঃখ দূর্দশা লাগব ও অভিভাবকদের আতংক দূর করতে সেতু সংস্কারে সহযোগিতা করবেন। স্থানীয় বাসিন্দা টি আই বশিরুল ইসলাম বলেন,৫ বছর আগে উজান থেকে নেমে আসা ঢলে সংযোগ সেতুটি ভেসে যাওয়ার পর থেকে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সহায়তায় কাঠের সাঁকো তৈরি করা হলেও যেকোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই সংযোগ সেতুটি জরুরি ভিত্তিতে পুনঃসংস্কারে তিনি স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সুদৃষ্টি কামনা করেন।