নকল সিগারেট তৈরির অভিযোগে যুবলীগের সাবেক নেতা আটক
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
নকল ডারবি সিগারেট উৎপাদনের অভিযোগে দায়ের করা মামলায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে বাগেরহাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, বদরুল আলম ভদ্দর সানকিভাঙ্গা গ্রামের সুন্দর আলী খানের ছেলে এবং ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক। গত ১৪ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তার প্রতিষ্ঠানের নিকট থেকে প্রায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট এবং বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়।
ঘটনার পর ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার মর্তুজা রেজা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলায় বদরুল আলম ছাড়াও ম্যানেজার মনির বয়াতি ও মজিবর শেখকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা কারখানা বন্ধ করে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশ বিশেষ প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মামলার প্রধান আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









