নাসিরনগরে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংগৃহীত
জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রাজনগর-রসুলপুর গ্রামে এম. এ. হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় এলাকার শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. হান্নান বলেন, রাজনগর-রসুলপুর গ্রামটি শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এ এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনার জন্য দূরে যেতে হতো। বিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার শিশুদের শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, এই বিদ্যালয়কে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, আমার জায়গা থেকে আমি এবং আমরা সবাই মিলে তা করার চেষ্টা করব।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিদ্যালয়টি চালু হলে এ গ্রামের পাশাপাশি আশপাশের গ্রামের শিশুরাও উপকৃত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ করে পাঠদান শুরু করা হবে। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমকে/বিএম২৪









