গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপত্যকার খান ইউনিসে একটি পুলিশ পোস্টে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় আল-নাসের হাসপাতালের বরাতে জানিয়েছে, হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিদের সবাই পুলিশ সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় দুজন নিহত হন।
২০২৫ সালের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী প্রায়ই হামলা চালাচ্ছে। ফলে যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি হামলায় গাজায় আরও প্রায় ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। এর পরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় তিন বছর ধরে চলা সংঘাতের পর ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এর অংশ হিসেবে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি।
সূত্র: আলজাজিরা








