গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বিজয় দিবস উদযাপনে নানা প্রস্তুতি
সংগৃহীত
মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ১৬ ডিসেম্বরের কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ও বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
সভায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার নবযোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি ওমর আলী শেখ, জামায়াত নেতা আব্দুল খালেক মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রখা মণি পারভীন এবং আনসার-ভিডিপি কর্মকর্তা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
অন্যদিকে, বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠানের ডিসপ্লে এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের স্থান হিসেবে উপজেলা মিনি স্টেডিয়াম ব্যবহারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দিবসটির সব আয়োজন সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এমকে/বিএম২৪









