খুলনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
খুলনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

সূত্রঃ ফাইল ছবি

মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর শাখা।


রোববার (২০ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে ফুল, ক্রেস্ট, বই, সংবর্ধনা গিফট প্যাকেজসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। 


আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি সৎ, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, তরুণরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার স্বপ্ন দেখলে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, সাবেক মহানগর সভাপতি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, মিয়া মুজাহিদুল ইসলাম, জাহিদুর রহমান নাঈম ও অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম। 


সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারবিষয়ক সেশন ও সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল, বই ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 


আয়োজকেরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।