কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।


রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আব্দুল আলীমের বিরুদ্ধে পরিবারের সদস্যদের ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল আলীমের চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে আপন বোন মোরশেদা, বোনজামাই মুমিন এবং বড় ভাইয়ের স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


স্থানীয়দের আরও অভিযোগ, বাগানবাড়ি এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এ সময় তারা আব্দুল আলীমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


অভিযোগগুলোর বিষয়ে আব্দুল আলীমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।