১২৩ ঘণ্টা পরেও অনড় ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান, অনড় ইসিও
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমানের আমরণ অনশন চলছে টানা ১২৩ ঘণ্টা। শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি আন্দোলন থেকে সরে দাঁড়াননি। একইভাবে নির্বাচন কমিশন (ইসি)ও নিয়মের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে তাদের অবস্থানে অনড় রয়েছে।
রবিবার (৯ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের মূল গেটের সামনে দেখা যায়—তারেক রহমান স্যালাইন হাতে অনশনস্থলে অবস্থান করছেন। সকাল থেকেই দলটির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে তার অবস্থানকে সমর্থন জানান। ক্রমাগত দুর্বলতা, মাথা ঘোরা ও ডিহাইড্রেশনে তার শারীরিক অবস্থা বেশ নাজুক বলে জানিয়েছেন সঙ্গে থাকা দলীয় নেতারা।
ইসির অবস্থান সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন,
“আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি। এখানে কিছু করার নেই। নির্বাচন কমিশন কি নিয়মের বাইরে যেতে পারে?”
তিনি আরও জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে যেসব দল যোগ্য বিবেচিত হয়েছে, তাদের নামই নিবন্ধনের তালিকায় রাখা হয়েছে।
গত ৪ নভেম্বর ইসি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে দাবি-আপত্তি নেওয়া হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।
কিন্তু এই তালিকা থেকে নিজেদের বাদ পড়ায় একই দিন বিকেলে নির্বাচন ভবনের মূল গেটের সামনে অনশনে বসেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান। তিনি অভিযোগ করেন, “যোগ্যতা পূরণ করেও আমাদের দলকে বাদ দেওয়া হয়েছে। এটি অবিচার।”
তারেক রহমানের দাবি—দলটির মাঠ পর্যায়ের সংগঠন, নিয়মিত রাজনৈতিক কার্যক্রম ও সকল শর্ত পূরণ থাকা সত্ত্বেও ইসি তাদের নাম অন্তর্ভুক্ত করেনি। ফলে তিনি আমরণ অনশন শুরু করেছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে অনশনের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তারেক রহমান জানিয়েছেন,
“নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। এই লড়াই জনগণের অধিকার ও অংশগ্রহণের লড়াই।”
তার অনশনের খবর ছড়িয়ে পড়ার পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহানুভূতিশীল সাধারণ মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় পুলিশও বাড়তি সতর্কতা নিয়ে অবস্থান করছে..
ইসি ও আন্দোলনকারীদের অবস্থান পরিবর্তন না হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অনশনের মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়ছে তারেক রহমানের শারীরিক অবস্থা নিয়ে।









