সারদা পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ, রাজশাহীতে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক:
সারদা পুলিশ একাডেমি থেকে পালিয়ে গেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) এহসানুল্লাহ। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে এবং রাজশাহীজুড়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে অভিযুক্ত বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানুল্লাহ বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন। বুধবার সকালে তাকে আটক করতে পুলিশ সদর দপ্তর থেকে আসা একটি টিম একাডেমিতে অভিযান চালায়। কিন্তু অভিযানের সময় এহসানুল্লাহ পালিয়ে যান বলে জানা গেছে।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
“গত বুধবার থেকে ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত আছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে আমরা জেনেছি। তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক সূত্র জানায়, অভিযানের খবর পেয়ে আগেই প্রস্তুত ছিলেন এহসানুল্লাহ। পুলিশ টিম একাডেমিতে পৌঁছানোর আগেই তিনি মোটরসাইকেলযোগে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, তিনি রাজশাহী ছাড়িয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছেন।
এহসানুল্লাহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বরিশালে কর্মরত অবস্থায় তিনি একাধিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়, এবং সেই প্রেক্ষিতেই তাকে আটক করতে যায় পুলিশ।
ডিআইজির পলায়নের খবর ছড়িয়ে পড়তেই রাজশাহীসহ সারাদেশে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে আটক অভিযানের সময় কিভাবে পালানোর সুযোগ দেওয়া হলো?
তদন্ত না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরেও নানান গুঞ্জন চলছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, “তিনি কোথায় গেছেন তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”









