সকল বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করল বেবিচক
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দরগুলোতে সাইবার হামলার ঘটনা বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
বেবিচকের আইটি বিভাগ থেকে ১ অক্টোবর জারি করা এক লিখিত নির্দেশনায় বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এতে বলা হয়, “সম্প্রতি বিশ্বের বেশ কিছু বিমানবন্দরে সাইবার হামলা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।”
সাইবার নিরাপত্তা নিশ্চিতের ১০ নির্দেশনা
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার: বিভিন্ন প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা ও নিয়মিত পরিবর্তন করা।
২. সন্দেহজনক ইমেইল পরিহার: অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক না করা।
৩. সোশ্যাল মিডিয়া সতর্কতা: হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অজানা লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করা।
৪. সফটওয়্যার আপডেট: সিকিউরিটি প্যাচ ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।
৫. পাইরেটেড সফটওয়্যার নিষিদ্ধ: কোনোভাবেই ক্র্যাকড বা অবৈধ সফটওয়্যার ব্যবহার না করা।
৬. অফিস ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ নিষিদ্ধ: অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল না করা।
৭. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ): প্রতিটি অফিসিয়াল একাউন্টে এমএফএ সক্রিয় রাখা।
৮. সরকারি ইমেইল ব্যবহার: দাফতরিক কাজে শুধুমাত্র বেবিচকের অফিসিয়াল ইমেইল (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।
৯. ডাটা ব্যাকআপ: গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।
১০. পেনড্রাইভ স্ক্যান: কোনো পেনড্রাইভ স্ক্যান ছাড়া ব্যবহার না করা।
এছাড়া, সাইবার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সমস্যা বা সন্দেহজনক কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB-CIRT টিম, আইটি বিভাগ, এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম (CIRT)-কে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
বেবিচক জানিয়েছে, সাইবার হামলা প্রতিরোধে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। বিমান চলাচলের নিরাপত্তা ও কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে
বেবিচক জানিয়েছে, সাইবার হামলা প্রতিরোধে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। বিমান চলাচলের নিরাপত্তা ও কার্যক্রমে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।









