রাবিতে নতুন ৬টি হলসহ সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম
রাবিতে নতুন ৬টি হলসহ সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ৬টি আবাসিক হলসহ বিশাল পরিসরের এক উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৩তম সভায় এই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, চূড়ান্ত সরকারি অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পটি ২০২৬–২০২৭ অর্থবছর থেকে শুরু করে তিন বছরের মেয়াদে বাস্তবায়িত হবে।

প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পে রয়েছে —

শিক্ষার্থীদের জন্য নতুন ৬টি হল নির্মাণ (ছাত্রদের জন্য ৩টি, ছাত্রীদের জন্য ৩টি),

শেরে বাংলা ফজলুল হক হলের পুনঃনির্মাণ,

চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ একাধিক একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ,

ইনোভেশন হাব নির্মাণ, এবং

ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার।

প্রকল্পটি বাস্তবায়ন হলে অতিরিক্ত ৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসন সুবিধা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, উচ্চতর গবেষণাগারের জন্য আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে গবেষণা কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আখতার হোসেন মজুমদার রাবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।