রাজশাহীর উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
রাজশাহীর উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা ও তদারকি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগর ভবনের কমান্ড অ্যান্ড কাউন্সিল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে। সেবা প্রদানকারী সংস্থা হিসেবে সিটি করপোরেশনকে নাগরিকদের প্রত্যাশা পূরণে আরও আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলো সরাসরি নাগরিকদের সেবার সঙ্গে সম্পৃক্ত। তাই প্রতিটি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমানসহ রাসিকের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভা শেষে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আল মামুন নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্থান সরেজমিন পরিদর্শন করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।