রাকসু নির্বাচন সম্পন্ন: উপাচার্যের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম
রাকসু নির্বাচন সম্পন্ন: উপাচার্যের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান নির্বাচনে বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ফল প্রকাশের পর এক বিবৃতিতে তাঁরা বলেন, “দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনে সংশ্লিষ্ট সকলেই বিজয়ী। যারা নির্বাচিত হয়েছেন, শিক্ষার্থীরা তাদের উপর এক গুরুদায়িত্ব অর্পণ করেছে। কারণ, পদ কোনো ভোগের বিষয় নয়—এটি দায়িত্ব পালনের এক মহৎ আমানত।”

উপাচার্যবৃন্দ আরও বলেন, “শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা থাকা স্বাভাবিক, এমনকি তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শও থাকতে পারে। তবে নির্বাচিত প্রতিনিধিদের মনে রাখতে হবে—রাকসু কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়। এটি দল-মত-নির্বিশেষে সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করার একটি গণমঞ্চ। রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্যকে ব্যাহত না করে, বরং শিক্ষার্থীদের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।”

তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ববোধ, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখবে এবং রাকসুকে একটি আদর্শ ও সক্রিয় ছাত্রসংগঠনে পরিণত করবে।

এছাড়া নির্বাচন আয়োজনের সঙ্গে জড়িত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, পোলিং অফিসার ও পোলিং এজেন্ট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, গণমাধ্যম প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরলস সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন।