রণক্ষেত্রে মানিক মিয়া অ্যাভিনিউ: জুলাই যোদ্ধাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
রণক্ষেত্রে মানিক মিয়া অ্যাভিনিউ: জুলাই যোদ্ধাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া

মোঃ জাহেরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা দেড়টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এ সময় রাস্তায় আগুন দেওয়া হয়, ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক ও বাস, এবং সংসদ ভবনের একটি গেটও ভেঙে ফেলা হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে, ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার সূত্রপাত:

বেলা সোয়া ১টার পর পুলিশ জুলাই যোদ্ধাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের করে দিতে শুরু করে। তখন থেকেই উত্তেজনা দেখা দেয়। জুলাই যোদ্ধারা প্রাঙ্গণ ছাড়ার পরই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এর আগে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তাঁরা দাবি করেন,

জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে,

জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে,

সুরক্ষা আইন ও দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার জুলাই যোদ্ধাদের স্থান ত্যাগের অনুরোধ জানান, কিন্তু তাঁরা অবস্থান অব্যাহত রাখেন।

রাজনৈতিক প্রেক্ষাপট:

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বিভাজন দেখা দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা জুলাই সনদে অংশ নেবে না। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব বলেন,

> “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।”

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

> “আমরা অবশ্যই জুলাই সনদে সই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।”

তিনি আরও বলেন,

> “বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করছে।”

পরিস্থিতি এখনো উত্তপ্ত:

সংসদ ভবন এলাকায় এখনো বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।