মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা ‘রাষ্ট্রীয় উপহাস’: জুলকারনাইন সায়ের
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘোষিত ৫ লাখ টাকার সহায়তাকে ‘রাষ্ট্রীয় উপহাস’ আখ্যা দিয়েছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামি লিখেছেন, “মেট্রোরেলের ত্রুটিপূর্ণ ব্রেকপ্যাড খুলে মর্মান্তিক মৃত্যুর শিকার আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তার সরকারি ঘোষণা, কতবড় রাষ্ট্রীয় মকারি সেটা একটু আপনাদের জানা প্রয়োজন।”
তিনি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ব্যয়ের তুলনা তুলে ধরে লিখেছেন, “সরকার প্রধানের জুন ২০২৫ যুক্তরাজ্য সফরের (যা অনেকেই ব্যক্তিগত সফর হিসেবে আখ্যা দিয়েছেন) হোটেল বিলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, লন্ডনে প্রধান উপদেষ্টার ১ রাতের রুম ভাড়া ছিল ৯ লাখ ৬৭ হাজার টাকা। ৪ রাতের জন্য বিল পরিশোধ করা হয়েছে ৩৮ লাখ ৬৮ হাজার টাকা।”
সামির দাবি, শুধু প্রধান উপদেষ্টাই নন, নিরাপত্তা উপদেষ্টার জন্যও লন্ডনের বিল ছিল বেশ ব্যয়বহুল। “নিরাপত্তা উপদেষ্টার রুম ভাড়া প্রতিরাতে ৮ লাখ টাকা, ৪ রাতে ৩২ লাখ টাকা।”
এর সঙ্গে আরও কয়েকজন সিনিয়র সফরসঙ্গীর থাকার খরচও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, তাদের জন্য ভাড়া করা সুইটের প্রতিরাতের ভাড়া ছিল যথাক্রমে ৩ লাখ ৮১ হাজার, ৩ লাখ ৫২ হাজার এবং ১ লাখ ৭৬ হাজার টাকা, যা ৪ রাতে দাঁড়ায় যথাক্রমে ১৫ লাখ ২৪ হাজার, ১৪ লাখ ৮ হাজার ও ৭ লাখ ৪ হাজার টাকা।
জুলকারনাইন সামির পোস্টের শেষ অংশে ছিল একটি ব্যঙ্গাত্মক মন্তব্য, “শুভরাত্রি।”
জনরোষ বাড়ছে
মেট্রোরেলের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। এর আগে দুর্ঘটনার পর আবুল কালামের পরিবারের আহাজারিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। নিহতের স্ত্রী বারবার মূর্ছা যান, পরিবার ও স্থানীয়দের অভিযোগ অব্যবস্থাপনার কারণে এই প্রাণহানি।
দাবি বাড়তি তদন্ত ও নিরাপত্তা নিশ্চয়তার
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নগরবাসীর দাবি, প্রতিটি প্রকল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।









