বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি, যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি
ডেস্ক রিপোর্ট:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বিদেশি নম্বর থেকে। এ ঘটনায় জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালী ফোনে এই হুমকি দেন।
ওসি মাইনুল ইসলামের দায়ের করা জিডির (নং–৯৫) তথ্য অনুযায়ী, সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও মিথুন ঢালী শরীয়তপুরের জাজিরা উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে মিথুন ঢালী স্থানীয় কর্মীদের সঙ্গে কুণ্ডেরচর এলাকায় বৈঠক করেন। পরদিন গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের আয়োজন করেন তারা। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালালে মিথুন ঢালী উপজেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন এবং কৌশলে পালিয়ে যান।
পরে জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে গত ২ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয়, আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়। ওই মামলায় মিথুন ঢালীকে দ্বিতীয় আসামি করা হয়।
এরপর থেকেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ পুলিশের। শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ওসি মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেন তিনি।
এ বিষয়ে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,
> “মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এই ঘটনায় একটি মামলা হয়েছে। এরপর গতকাল দুপুরে তিনি বিদেশি নম্বর থেকে ফোন করে প্রধান উপদেষ্টা এবং আমাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।”
অভিযুক্ত মিথুন ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।









