বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, হবিগঞ্জ-১ আসনে লড়বেন ধানের শীষে
নিজস্ব প্রতিবেদক:
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার (৫ নভেম্বর) দৈনিক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেন,
> “ইতোমধ্যে আমি বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্যপদ ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদান করব। ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে আমার এলাকায় নির্বাচন করব।”
হবিগঞ্জ-১ আসনটি বর্তমানে বিএনপি ফাঁকা রেখেছে। দলটি এখনো এই আসনে তাদের প্রার্থী ঘোষণা করেনি।
বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না বলে মন্তব্য করেছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই রেজা কিবরিয়ার আনুষ্ঠানিক যোগদানের আয়োজন করা হবে।
গণফোরাম থেকে গণঅধিকার পরিষদ—শেষ পর্যন্ত বিএনপি
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন এবং পরবর্তীতে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশ নেন তিনি।
পরে তিনি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুদিন পর ব্যক্তিগত কারণে তিনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে গণঅধিকার পরিষদ বিভক্ত হলে রেজা কিবরিয়া ‘আমজনতার দল’ গঠন করে আহ্বায়কের দায়িত্ব নেন।
তবে সাম্প্রতিক সময়ে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। এবার আবারও তিনি রাজনীতির মাঠে ফিরলেন দেশের প্রধান বিরোধী দল বিএনপির পতাকাতলে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রেজা কিবরিয়ার যোগদান হবিগঞ্জ অঞ্চলে বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।









