পুলিশ হেফাজতেই আসামির মিডিয়া বক্তব্য! জবাবদিহিতে তলব আরএমপি কমিশনার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
পুলিশ হেফাজতেই আসামির মিডিয়া বক্তব্য! জবাবদিহিতে তলব আরএমপি কমিশনার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে বিচারকপুত্র তাওসিফ রহমান হত্যা মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকাকালীন বিভিন্ন গণমাধ্যমে ভিকটিমকে দায়ী করে বক্তব্য দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। আগামী ১৯ নভেম্বর তাঁকে সশরীরে আদালতে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশসূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ১৭ বছর বয়সী ছেলে তাওসিফ রহমানকে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন লিমন মিয়া। এ সময় জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেন তিনি। ঘটনার পরপরই পুলিশ লিমনকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে।

পরে দেখা যায়—পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন এবং ভিকটিমকেই দায়ী করেন। আদালত মনে করে, আসামিকে পুলিশ হেফাজতে রেখে মিডিয়ায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশনার (আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র, ৩৯ বিএলডি ৪৭০) স্পষ্ট লঙ্ঘন।

এ পরিস্থিতিতে আসামির কাছ থেকে গণমাধ্যমে বক্তব্য যাওয়ার সুযোগ কেন দেওয়া হলো—তার কারণ জানতে আরএমপি কমিশনারকে তলব করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর এ বিষয়ে কারণ দর্শানোর শুনানি অনুষ্ঠিত হবে।