নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন: আমির হামজা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
নবী শব্দের অর্থ সংবাদ বাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি:

জনপ্রিয় ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আমরা যাকে নেতা হিসেবে মানি, তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। আল্লাহ তাঁকে দুনিয়ায় যেই নামে পাঠিয়েছিলেন, সেটি হলো ‘নবী’। আর ‘নবী’ শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। সংবাদ যারা বহন করেন, তাদের আমরা সাংবাদিক বলি। সে অর্থে নবীজি (সা.) ছিলেন আল্লাহর প্রেরিত প্রথম সাংবাদিক।”

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় কোরআনের উদ্ধৃতি টেনে মুফতি আমির হামজা বলেন,

“আল্লাহ তায়ালা বলেন, ‘হে নবী! সেই মহান সংবাদ মানুষের কাছে পৌঁছে দাও, যে সংবাদ পৌঁছাতে গিয়ে তুমি কষ্ট পাও।’ এই সংবাদ সংগ্রহ ও সঠিক তথ্য প্রকাশে যে কষ্ট, তার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন—দুনিয়া ও আখিরাতে নিরবচ্ছিন্নভাবে।”

তিনি আরও বলেন, “এই বার্তাটি শুধু নবীর জন্য নয়। কিয়ামত পর্যন্ত যারা সততার সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করবে, আল্লাহ তাদেরও পুরস্কৃত করবেন। নবীজি (সা.) যেমন মানবজাতির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ সংবাদবাহক ছিলেন, তেমনি সাংবাদিকরাও সত্যের প্রচারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

মুফতি হামজা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা এই পেশায় থেকে সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। সত্য সংবাদ প্রকাশে অবিচল থাকলে আল্লাহ অবশ্যই আপনাদের পুরস্কৃত করবেন।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল।

এ সময় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের লক্ষ্য, দায়িত্ব ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন।

সভায় জেলা জামায়াতের নেতারা আসন্ন নির্বাচন ও নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন এবং গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।