তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার:
ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে সর্বোচ্চ এই পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকন (সদস্য)দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ফলাফল গণনা সম্পন্ন করে। এতে সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতে ইসলামীর জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটের মাধ্যমে তিন বছরের জন্য আমির নির্বাচন করে থাকেন। নির্বাচিত আমির পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচিত সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করেন।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ব্রিটিশ উপনিবেশ আমলে ভারতের লাহোরে (বর্তমানে পাকিস্তান) মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী। প্রতিষ্ঠার পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত সংগঠনটির আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মোট ছয়জন নেতা।
১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ছিলেন মাওলানা আবদুর রহিম, ১৯৬০ থেকে ১৯৭১ এবং ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত অধ্যাপক গোলাম আযম, ১৯৭৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন আব্বাস আলী খান, ২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন মতিউর রহমান নিজামী, এবং ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত নেতৃত্ব দেন মকবুল আহমদ।
২০১৯ সালে প্রথমবারের মতো আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। পরে ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি। এবার তৃতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে তিনি সংগঠনের ইতিহাসে অন্যতম দীর্ঘ সময়ের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।









