টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এ দেশের শীর্ষ পাঁচে জাবি, উপাচার্যের অভিনন্দন
রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন ২০২৬ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নেয়ায় অভিনন্দন জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক উৎকর্ষতার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, সামাজিক বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান বিভাগসমূহ বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়েও বিশ্বমানে উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। বিশেষ করে কম্পিউটার সায়েন্স বিভাগ ৪০১–৫০০ স্থান পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।এই স্বীকৃতি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গবেষণা ও শিক্ষার গুণগত পরিবেশ উন্নয়নে প্রণোদনা ও আর্থিক বরাদ্দ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। আগামীতে বিশ্ব র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও ভালো করবে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর এলসিভিয়ার জার্নালের সাথে যৌথ প্রযোজনায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রাঙ্কিং ২০২৬’ তালিকা প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। তালিকায়, বিশ্ব র্যাঙ্কিং (৮০১ থেকে ১০০০) এর মধ্যে দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় রয়েছে জাবি অন্যতম জায়গা করে নিয়েছে। টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক- এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের উপর ভিত্তি করে রাঙ্কিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি।









