জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে : কবির আহমেদ
ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ বলেছেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে। তবে পুরুষদের সামনে নারীদের নাচার সুযোগ থাকবে না। তিনি দাবি করেন, এতে নারীদের অধিকার খর্ব হবে না বরং শালীনতা বজায় রেখেই সাংস্কৃতিক কার্যক্রম চলবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
কবির আহমদ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠিত হবে। তখন দেশের বিদ্যমান আইন ব্যবস্থার প্রয়োজন হবে না। তিনি দাবি করেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থায় বর্তমান আইনের তুলনায় নাগরিকরা আরও বেশি অধিকার ভোগ করবে।
নারী অধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নারীরা তাদের ইচ্ছামতো চলাফেরা করতে পারবে। শরীয়া যে পর্দার অনুমোদন দিয়েছে, তা পালনের সুযোগ থাকবে। তবে বোরকা পরা বাধ্যতামূলক হবে না। কেউ চাইলে পড়বে, না পড়লে তাকে শাস্তি দেওয়া হবে না। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও বোরকার কোনো বাধ্যবাধকতা থাকবে না।”
তিনি আরো বলেন, দেশে ইসলাম ও নারীর স্বাধীনতা নিয়ে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, “গাজী টিভির টকশোতে যাওয়ার সময় এক নারী কর্মকর্তা আমাকে বললেন, আপনারা তো নারীদের দেখা যায় না। আমি বলেছি, আমার মেয়ে চিকিৎসক, প্রতিদিন রোগী দেখে, চেম্বার করে। ইসলাম নারীদের কাজ করতে বাধা দেয় না। ইসলাম নারীদের ঘরে বন্দি করে রাখার ধর্ম নয়, বরং ইসলামই সবচেয়ে বেশি নারী স্বাধীনতা দিয়েছে।”
নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গে কবির আহমদ বলেন, “নারীরা নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই। নাচ শেখার জন্য আলাদা পরিবেশ থাকবে। তবে পুরুষদের সামনে নারীদের নাচার সুযোগ থাকবে না। এতে শালীনতা বজায় থাকবে।”
তিনি জোর দিয়ে বলেন, “এটা ভ্রান্ত ধারণা যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। শরীয়াহনুযায়ী রাষ্ট্র চালিত হলেও নারী-পুরুষ উভয়ের সামাজিক ও কর্মজীবন চলমান থাকবে।”









