জামায়াতের জন্য সুযোগ তৈরি করেছে আওয়ামী লীগের অনিশ্চয়তা

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
জামায়াতের জন্য সুযোগ তৈরি করেছে আওয়ামী লীগের অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট:

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান মনে করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি রাজনৈতিক ময়দানে জামায়াতে ইসলামীর জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করেছে। তবে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে কি না—তা নিয়ে এখনো স্পষ্টতা নেই।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদ’স টেইক-এ এ বিষয়ে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, “নিষেধাজ্ঞা দিয়েছে যে সরকার, তারাই চাইলে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তা তুলে নিতে পারে। সেই মুহূর্তেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।” তিনি উদাহরণ টেনে বলেন, বিষয়টি অনেকটা “একজন অপরাধীর বিচার চললেও জামিন পাওয়ার মতো”—যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের হাতে থাকলেও কার্যত সরকারের ইচ্ছাই বড় ভূমিকা রাখে।

জামায়াতের নীরবতা:

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, ইউরোপ-আমেরিকার মতো আন্তর্জাতিক শক্তিগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টিকে প্রকাশ্যে সমর্থন করেনি। এমনকি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসও বারবার এ ব্যাপারে সরাসরি বিরোধিতা করেছেন।

রাজনৈতিক ক্যালকুলেশন:

তার মতে, যদি আওয়ামী লীগ আবার মাঠে ফেরার সুযোগ পায়, জামায়াতে ইসলামী তখন সরাসরি বা কোনো প্রক্সির মাধ্যমে তা বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে। “এটি একটি রাজনৈতিক ক্যালকুলেশন,” বলেন জাহেদ।

তিনি আরও বলেন, সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছে। বিচারাধীন থাকলেও সরকারের এক্সিকিউটিভ সিদ্ধান্তের মাধ্যমে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তবে যদি বিচারের মাধ্যমে দলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়, সেটিই হবে চূড়ান্ত ফলাফল।

ব্যক্তিগত বিশ্বাস:

নিজস্ব মূল্যায়নে জাহেদ উর রহমান মনে করেন, অন্তত এই নির্বাচনে আওয়ামী লীগ নিজস্ব নামে অংশ নেবে না। তারা হয়তো স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো পার্টির সঙ্গে জোট বেঁধে চূড়ান্ত কৌশল নির্ধারণ করবে।