জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

আগামী নির্বাচনের সময় দেশে ফিরে জনগণের মাঝেই থাকার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “যখন জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।”

গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও দেশে এখনো না ফেরার কারণ জানতে চাইলে তারেক রহমান বলেন, “কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এখনো হয়ে উঠেনি, তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক আছে। আমি রাজনীতি করি, তাই জনগণের প্রত্যাশিত নির্বাচন থেকে দূরে থাকার প্রশ্নই আসে না। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই নির্বাচনের সময় জনগণের সঙ্গে থাকা।”

গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কথা না বলার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, “বিগত স্বৈরাচারী সরকারের সময় আদালতের আদেশে আমার কথা বলার অধিকার রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমকে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল তা প্রকাশ করার, কিন্তু তারা তা করতে পারেনি।”

তিনি জানান, “একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম। পরদিন দেখলাম, তখনকার প্রেস ক্লাব কর্তৃপক্ষ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে ‘ফেরারি’ হিসেবে গণ্য করা হচ্ছে, তাই আমাকে সেখানে কথা বলতে দেওয়া হবে না। এভাবেই তারা আমার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করেছিল।”

তারেক রহমান বলেন, “আমি থেমে থাকিনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ পৌঁছেছি। গণমাধ্যমে আমি কথা বলেছি, তবে হয়তো আপনাদের তা শোনার বা ছাপানোর সুযোগ হয়নি।”

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার দেশে ফেরার ইঙ্গিতকে অনেকেই আসন্ন নির্বাচনের পূর্বাভাস হিসেবে দেখছেন।