ছেলেকে পাঠিয়েছিলাম ডিগ্রি নিতে, এখন সে লাশ হয়ে ফিরেছে: নিহত জুবায়েদের বাবা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
ছেলেকে পাঠিয়েছিলাম ডিগ্রি নিতে, এখন সে লাশ হয়ে ফিরেছে: নিহত জুবায়েদের বাবা

 নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের নির্মম হত্যাকাণ্ডে শোকে ভেঙে পড়েছেন বাবা মোবারক হোসাইন। তিনি বলেছেন, “আমার ছেলে জুবায়েদকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম একটি ডিগ্রি অর্জনের জন্য। স্বপ্ন ছিলো সন্তান পড়াশোনা শেষ করে মানুষ হবে। কিন্তু সে আজ লাশ হয়ে বাড়ি ফিরেছে। আমার সব স্বপ্ন কবরে চলে গেছে।”

রোববার (২৬ অক্টোবর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে হাসিবুল ইসলাম ও জুবায়েদের হত্যার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, “আমার একটাই চাওয়া, আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত বিচার হয়। এ ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ্ উদদীনসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা স্বীকার করি, কিছু খারাপ আছে। কিন্তু বেশিরভাগ নেতাকর্মী নৈতিক চরিত্রের অধিকারী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সবাইকে। জুবায়েদ হত্যার দিন স্থানীয়রা দেখেও প্রতিবাদ করেনি। শিক্ষার্থীরাই দেখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ এখনো সাম্য ও জুবায়েদের মতো তরুণ নেতাদের ছুরিকাঘাতে হত্যা করা হচ্ছে। প্রশাসন বারবার গড়িমসি করছে।”

উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “হাসিব দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। সেই লক্ষ্য পূরণে আমাদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে জুবায়েদের মৃত্যুর সঠিক বিচার নিশ্চিত করতে হবে। এতে তার পরিবার ও আত্মা শান্তি পাবে।”

তিনি জানান, হত্যাকাণ্ডের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিক আইনি উদ্যোগ নিয়েছে। “দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পাঠানোর প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন স্বনামধন্য আইনজীবী নিয়োগের জন্য ফাইল প্রস্তুত করা হয়েছে।”

এ সময় শিক্ষার্থীরা স্লোগানসহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।