চাকসু নির্বাচন: ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আট দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল-সমর্থিত প্যানেল। এই ৮ দফার সঙ্গে আরও ৬৯টি উপদফা যুক্ত করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি জিয়াউদ্দিন বাসেতসহ কেন্দ্রীয় ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত আট দফা ইশতেহার হলো—
১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
২. মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা।
৩. শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা।
৪. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
৫. পরিবহনব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসারণ।
৬. মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।
৭. সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের সমৃদ্ধি ঘটানো।
৮. ক্যারিয়ার গঠনের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
ইশতেহার ঘোষণাকালে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “শিক্ষার্থীরা আমাদের ইশতেহার জানার জন্য অনেক আগ্রহী ছিল। আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের চাহিদা বুঝে এই ইশতেহার তৈরি করেছি। শিক্ষার্থীদের ভাবনাই আমাদের ইশতেহার। আমরা তা বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”
এক বছরে প্রায় ৭০টি উপদফা বাস্তবায়ন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে হৃদয় বলেন, “৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, সমস্যাও অনেক। আমাদের মেয়াদে যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব।”
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।









