চাঁদা না পেয়ে সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি
শার্শা (যশোর) প্রতিনিধিঃ
চাঁদা না দেওয়ায় নাভারণ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মাদকব্যবসায়ী শাহাদৎ হোসেনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে মেসার্স মামুন ট্রের্ডাসে এ হামলা চালায়।
এঘটনায় শাহাদৎ হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঝিকরগাছা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মামুন ট্রের্ডাসের ম্যানেজার মো. নুর আলম।
অভিযুক্তরা হলেন- উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত সলেমানের চার ছেলে শাহাদৎ হোসেন (২৫), আলমগীর হোসেন (২৩), শাহা আলম (২২), জাহাঙ্গীর হোসেন (৩০) ও কুন্দিপুর মাঠপাড়া এলাকার এনামুল হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৩), ইদ্রিসের ছেলে আশিক (২৪)।
সাংবাদিক মামুনুর রশিদ জানান, আমি ডিলারশিপ নিয়ে ব্যবসা করি। কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শাহাদৎ হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। তাঁর দাবিকৃত চাঁদা না দিতে অস্বীকার করায় বৃহস্প্রতিবার রাত সাড়ে ৯ টার দিকে শাহাদৎ হোসেন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠাসহ ৫-৬ জন সহযোগীকে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভিতরে ঢুকে তার ম্যানেজার নুর আলমসহ আমার কর্মচারীদের ব্যাপক মারপিট করে জখম করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। এ সময় আমি ঠেকাতে গেলে সন্ত্রাসীরা আমার উপর হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার নুর আলম আজ (শুক্রবার) সকালে ঝিকরগাছা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমি এই ঘটনায় মাদকব্যবসায়ী শাহাদৎ হোসেনসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
এলাকাবাসীর অভিযোগ: শাহাদৎ হোসেন ও তার তিনভাই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তাঁদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী ও মাদকের কারবার করছে। এতে করে এলাকায় তরুণ ও যুবকরা মাদক সেবন এবং অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে এক প্রকার আতংক বিরাজ করছে। শাহাদৎ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তারা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









