গণতান্ত্রিক ছাত্রশক্তির নামেই ফিরছে বাগছাস, বৃহস্পতিবার ঘোষণা নতুন নেতৃত্বের
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত হয়ে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে সংগঠনটির জাতীয় সমন্বয় সভা। সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে সংগঠনের নতুন নাম, কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি এবং রাজনৈতিক দিকনির্দেশনা।
২০২৩ সালে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বর্তমান সদস্য সচিব আখতার হোসেন এবং আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করা ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’-র নামেই নতুন করে সংগঠনটি পুনর্গঠিত হতে যাচ্ছে। এনসিপির আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে নতুন কাঠামো ও নেতৃত্বে আত্মপ্রকাশ করবে এই ছাত্র সংগঠন।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন সংগঠনের নাম হিসেবে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’, ‘জাতীয় ছাত্রশক্তি’ ও ‘বাংলাদেশ ছাত্রশক্তি’—এই তিনটি নাম নিয়ে আলোচনা হলেও সবচেয়ে এগিয়ে রয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি। নতুন কেন্দ্রীয় কমিটি সর্বোচ্চ ১০১ সদস্যবিশিষ্ট হতে পারে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটকে ‘বিশেষ শাখা’ হিসেবে ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব ‘সুপার ফোর’ কাঠামোতে পরিচালিত হবে বলেও জানা গেছে।
বাগছাসের শীর্ষ নেতারা জানিয়েছেন, সংগঠনে অনুপ্রবেশকারীদের কারণে গত এক বছরে শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিশেষ করে ছাত্রশিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্যাবোটাজের অভিযোগ রয়েছে। এ কারণে নতুন নেতৃত্ব গঠনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই করা হচ্ছে।
বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “যাদের বিরুদ্ধে ভিন্ন আদর্শ বা অন্য সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তাদের রাখা হবে না। আমরা আদর্শিক ও বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। ওয়েলফেয়ার পলিটিকস নয়, বরং ছাত্রসমাজকেন্দ্রিক কার্যক্রমের মধ্য দিয়ে আগামীতে ছাত্র সংসদ নির্বাচনে ভালো ফল করতে চাই।”
উল্লেখ্য, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব পদে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
তবে অভ্যুত্থানের পর ১৩ সেপ্টেম্বর সংগঠনটির সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে কয়েকজন নেতা মিলে গঠন করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এবার নতুন নামে ও কাঠামোয় পুনর্গঠিত হয়ে ফিরে আসছে সংগঠনটি।









