ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে রাকসুর প্রতিনিধিদের সংহতি প্রকাশ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০২:০২ পিএম
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে রাকসুর প্রতিনিধিদের সংহতি প্রকাশ

রাবি প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয় :

 ২২ অক্টোবর ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রতিনিধিবৃন্দ। 

আজ (রবিবার) দুপুরে বিভাগে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ এবং সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন। 

আলোচনাকালে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীরা তাদের তিনটি দাবি উপস্থাপন করেন— বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু করা, এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সাবজেক্ট কোড সংযোজন।

রাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি ও যুক্তিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং দাবিগুলোর যৌক্তিকতার প্রতি একাত্মতা প্রকাশ করেন। তারা আশ্বাস দেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে রাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

 রাকসুর নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষায় রাকসু সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।”