কোমলমতি শিশুদের নামাজে আগ্রহী করতে চকলেট উপহার দিচ্ছে ছাত্রদল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম
কোমলমতি শিশুদের নামাজে আগ্রহী করতে চকলেট উপহার দিচ্ছে ছাত্রদল

ডেস্ক রিপোর্ট:

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কিছু নেতা রাজধানীর বিভিন্ন মসজিদে শিশুদের জন্য চকলেট বিতরণ করছেন। এই ব্যতিক্রমী উদ্যোগের লক্ষ্য কোমলমতি শিশুদের নামাজ এবং ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী করে তোলা।

জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা এম এ তাইফুল হক এই কার্যক্রমের নেতৃত্ব দেন। এ উদ্যোগে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ আরও অনেকেই অংশগ্রহণ করেন।

ছাত্রদল কর্তৃপক্ষের এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই পোস্টে মন্তব্য করছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে সৃজনশীল ও ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার উদাহরণ।

এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমাদের ছাত্রদলের একটি ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।”

তিনি আরও জানান, ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে।

এই উদ্যোগ মূলত শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের বিকাশ ঘটানোর পাশাপাশি, ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তির প্রতিফলন ঘটাচ্ছে।