কেক কেটে কুকুরকে খাওয়ানোর মাধ্যমে পালিত হয় শেখ হাসিনার জন্মদিন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
কেক কেটে কুকুরকে খাওয়ানোর মাধ্যমে পালিত হয় শেখ হাসিনার জন্মদিন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিনের ভিন্নমাত্রার কর্মসূচি। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিএসসিতে ‘দ্য রেড জুলাই’ নামের একটি সংগঠন কেক কেটে তা কুকুরকে খাওয়ানোর মাধ্যমে দিনটি চিহ্নিত করে।

এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে টিএসসিতে কেক কেটে প্রতিবাদী আয়োজনটি সম্পন্ন হয়। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন”, “খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে” প্রভৃতি।

আয়োজকরা বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল স্বৈরাচারী ও দমনমূলক। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের বাধ্য করে তার জন্মদিন ও মুজিব পরিবারের নানা দিবস পালন করাতো। এখন এসব দিন ইতিহাসের ঘৃণ্য অধ্যায় হিসেবে পরিচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় দিনটি ‘ঘৃণ্য দিন’ হিসেবে পালনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তারা জানান।

সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, “খুনি হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে সেই কেক কুকুরও খেতে চাইছে না। কুকুরও জানে, হাসিনা কতটা স্বৈরাচার ছিল।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে দেখা গেছে, যারা রাজনীতি করতো না তাদেরও জোরপূর্বক এই জন্মদিনে অংশ নিতে বাধ্য করা হতো। আজকের এই আয়োজনে আমরা দেখাতে চাই ভবিষ্যতেও যেন কোনো স্বৈরাচারী শাসক কাউকে বাধ্য করে দিবস পালনে চাপিয়ে দিতে না পারে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এটি ছিল প্রতিবাদের প্রতীকী রূপ। তারা আশা করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন ধারার বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি হবে না।