কুতুবদিয়া-পেকুয়া ঘাটে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সাবেক এমপি আলমগীর ফরিদের
কুতুবদিয়া প্রতিনিধি :
কুতুবদিয়া-পেকুয়া নৌঘাটে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন— এমন বাস্তবতায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুতুবদিয়ার দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শুক্রবার বিকেলে উপজেলার সমুদ্র বিলাস হলরুমে কুতুবদিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
সাবেক এমপি ফরিদ বলেন, “কুতুবদিয়ার স্থায়ী বেড়িবাঁধ, লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনগণ যদি সুযোগ দেয়, নির্বাচিত হয়ে আমি কুতুবদিয়া-পেকুয়া ঘাটে সেতু নির্মাণের উদ্যোগ নেব— এটি কুতুবদিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।”
তিনি আরও বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের জীবনমান উন্নয়নের একটি বাস্তব রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
সভায় কুতুবদিয়ার উন্নয়ন, স্থানীয় জনদুর্ভোগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছৈয়দ মোহাম্মদ বশির, মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আজম, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বোরহান উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক শওকত আকবর।









