কালিগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের র্যালি ও আলোচনা সভা
এস এম তাজুল হাসান সাদ, বিশেষ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
বিকেল সাড়ে ৪টায় একদল নেতাকর্মী ফুলতলা মোড় গোলচত্বরে সমবেত হয়ে র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস.এম. হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যে জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল।”
এছাড়া বিকেল ৪টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় উপজেলা বিএনপির অপর একটি গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দীন।
আলোচনা সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বহুদলীয় গণতন্ত্রের চেতনা ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।









