কালাইয়ে ইসলামী ব্যাংকের অনিয়মের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট, স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং সার্বিক ব্যাংকিং অনিয়মের প্রতিবাদে জয়পুরহাটের কালাই উপজেলায় এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলার পাঁচশিরা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালাই শাখার সামনে এই মানববন্ধনের আয়োজন করে "ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কালাই" নামে একটি সংগঠন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আজ একটি প্রভাবশালী গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে। তারা দাবি করেন, এস আলম গ্রুপ নামে একটি শিল্পগোষ্ঠী ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করছে অথচ এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এতে শুধু ব্যাংকের সুনামই ক্ষুন্ন হচ্ছে না, সাধারণ আমানতকারীরাও চরম অনিশ্চয়তায় পড়ছেন।
বক্তারা আরও বলেন, এই ব্যাংকে চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতার কোনো মূল্য নেই। স্থানীয়ভাবে অনেক তরুণ সৎভাবে, নিয়ম মেনে আবেদন করেও চাকরি পাচ্ছেন না। বরং দলীয় পরিচয়, তদবির এবং ঘুষের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে তরুণ সমাজ হতাশ হয়ে পড়েছে এবং ব্যাংক ব্যবস্থাপনায় চরম অনাস্থা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিপ্রত্যাশী আমিরুল ইসলাম, মোঃ রানা মিয়া, স্থানীয় ব্যবসায়ী ফিতা মিয়া, সমাজকর্মী আব্দুল আলীম, ব্যাংক গ্রহক খাইরুল ইসলাম, এনামুল হক ও আব্দুল হাকীমসহ আরও অনেকে। তারা বলেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে যে লুটপাট ও দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ না হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধনে শতাধিক গ্রাহক, চাকরিপ্রত্যাশী, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। তারা এক কণ্ঠে ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্নীতি, স্বজনপ্রীতি ও গ্রাহক হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধন শেষে আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে ব্যাংকটির আর্থিক কার্যক্রম তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনা হয় এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হয়। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন।









