আরাপপুর যুব সমাজের উদ্যোগে ঝিনাইদহে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম
আরাপপুর যুব সমাজের উদ্যোগে ঝিনাইদহে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:

সম্প্রতি, ঝিনাইদহ জেলায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও যুব সমাজের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধি পাওয়ায় যুব নেতা সাজ্জাদুল হক মিলনের নেতৃত্বে "মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, মাদককে না বলি, সুস্থ জীবন গড়ে তুলি" স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ করেছে আরাপপুর যুব সমাজ।

শুক্রবার (১৭ অক্টোবর), বিকেল সাড়ে চারটায় একটি বর্ণাঢ্য র‍্যালি আরাপপুর বাস স্টান্ড ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরাপপুর ঝিনুক চত্ত্বরে সমাবেশ করে।

‎জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ সাজ্জাদুর হক মিলন মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন। মাদক বিরোধী সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 

"মাদক একটি ভাইরাস। ক্যানসারের থেকেও ভয়াবহ মাদকে আসক্ত হয়ে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সকলে মিলে সচেতনভাবে এই মাদক সন্ত্রাসকে প্রতিহত না করলে আগামীতে আমার-আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার।...তাই আসুন, আমরা সকলে মিলে মাদক সেবন ও ব্যবসা বন্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।"

সমাবেশে ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ মুস্তাক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজু আহম্মেদ রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, কেসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান বাবু, ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হাছিবুর জামান সহ, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময় বক্তারা আরও বলেন, 

"ঝিনাইদহ সদর উপজেলার পৌর ৮নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবাধে মাদক ব্যবসা চলছে। এতে স্থানীয় তরুণ সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অবিলম্বে মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সহ, প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেয়া জরুরি।"

এদিকে, মাদক ব্যবসায় প্রতিবাদ করায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঝিনাইদহ আরাপপুর তেলপাম্পের সামনে থেকে আশিকুল ইসলাম কদর নামে এক যুবদল কর্মীকে নৃশংসভাবে জখম করেছে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। ঘটনার বীভৎস বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী যুবদল কর্মী। এসময়, ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ী রাজিন ও ইমরানের কঠোর শাস্তিও দাবি করেন তিনি।