আগামীকাল সকাল ১০টায় একযোগে প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
স্টাফ রিপোর্টার:
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
বুধবার (১৫ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে সকাল ১০টায় প্রকাশ করা হবে।
ফল জানার তিনটি পদ্ধতি
প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে—
১⃣ ওয়েবসাইটের মাধ্যমে: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ডের নাম, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।
২⃣ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকে: প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষাকেন্দ্রে ফলাফলের কপি পাঠানো হবে, সেখান থেকেও জানা যাবে।
৩⃣ এসএমএসের মাধ্যমে: নির্ধারিত শর্ট কোড ১৬২২২-এ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে পাঠালেই ফলাফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ:
HSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
ফল পুনঃনিরীক্ষার আবেদন ১৭-২৩ অক্টোবর
ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এ বিষয়ে শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মতবিনিময় সভা
ফলাফল প্রকাশ উপলক্ষ্যে একই দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ও উপস্থিতি
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী।









