আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পিএম
আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত কি না—এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছি। তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তদন্তে যদি অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার বিষয় উঠে আসে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিষয়েই তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনে অন্য দলের বিরুদ্ধেও তদন্ত হতে পারে।”

এর আগে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দলকে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী করা হয়।

অন্যদিকে, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর তৃতীয় দিনের জেরা অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী দল।

গতকালও সারাদিন ধরে তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়। জেরার এক পর্যায়ে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে প্রশ্ন তুললে তদন্ত কর্মকর্তা বলেন, “কোনো চাপে নয়, সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।”

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জেরা শেষ হলে মামলাটির যুক্তিতর্ক পর্ব শুরু হবে। এরপর রায় ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে।