অযথা হর্ণ নয়, নিরবতাই জয়” — চবি ক্যাম্পাসে শব্দদূষণ রোধে গ্রীন ক্যাম্পাসের অনন্য উদ্যোগ

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
অযথা হর্ণ নয়, নিরবতাই জয়” — চবি ক্যাম্পাসে শব্দদূষণ রোধে গ্রীন ক্যাম্পাসের অনন্য উদ্যোগ

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ মুখরিত হয়েছিল এক অনন্য স্লোগানে — “অযথা হর্ণ নয়, নিরবতাই জয়”। 

চবি ক্যাম্পাসে ২ রা নভেম্বর(রবিবার)

পরিবেশবান্ধব সংগঠন “OUR GREEN CAMPUS”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় শব্দদূষণ রোধে বিশেষ সচেতনতা কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন, এবং গ্রীন ক্যাম্পাসের দপ্তর সচিব মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ‘Our Green Campus’ প্রতিষ্ঠার পর থেকেই তারা প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। শব্দদূষণ রোধে আজকের এই উদ্যোগ তাদের সচেতনতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন,“সংগঠনটি সম্প্রতি চাকসু নির্বাচনের পর লিফলেট সংগ্রহ করে ‘লিফলেট জমা দিন, কলম নিন’ কর্মসূচির মাধ্যমে দেশের সর্বত্র প্রশংসা কুড়িয়েছে। এমন উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মের পরিবেশ-সচেতনতার পরিচায়ক।”

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন,

 “গ্রীন ক্যাম্পাস দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে। অযথা হর্ণ বাজানো শুধু শব্দদূষণই নয়, শিক্ষার্থী ও প্রবীণদের জন্যও বিরক্তিকর। এই কর্মসূচি নিশ্চয়ই ক্যাম্পাসে এক নিরব, শান্ত পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে।”

ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পিতা বলেন, “প্রতিদিন ক্লাস ও লাইব্রেরিতে যাতায়াতের সময় অযথা গাড়ির হর্ণ পড়াশোনায় মনোযোগ নষ্ট করে। তাই আজকের এ কর্মসূচির মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে চাই — হর্ণ যেন কেবল প্রয়োজনেই বাজানো হয়।”

“অযথা হর্ণ নয়, নিরবতাই জয়”, “শব্দ দূষণ রোধ করি, সুন্দর জীবন গড়ি”, “STOP THE HORN, LET PEACE DAWN”, “SAVE THE SOUND, SAVE THE GROUND”— এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রাণবন্ত প্রচারণার মাধ্যমে কর্মসূচিটি শব্দদূষণমুক্ত, শান্ত ও সবুজ ক্যাম্পাস গঠনের অঙ্গীকার দেয়।