অবৈধ বালু উত্তোলন বন্ধে দিন-রাত অভিযান: আটক ট্রাক্টর
বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে নদী ও ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের হিড়িক চলছে। এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনই সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এমন পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গত পাঁচ দিন ধরে দিন-রাত উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী সাড়াশি অভিযান পরিচালনা করছে।
উপজেলার পুটিজুরি, মিরপুর, ভাদেশ্বর, হরিতলা, হিলালপুর, সুন্দ্রাটিকি এলাকায় এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানকালে সুন্দ্রাটিকি গ্রামের কাছে কামাইছড়া নদী থেকে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালুর স্তূপ অপসারণ করে নদীগর্ভে ফেলে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম এবং বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।
এদিকে, ১৩ নভেম্বর দিনভর সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম উপজেলার পুটিজুরি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় হিলালপুর গ্রামের কাছে মাধবীছড়া থেকে উত্তোলিত বালু পরিবহনকালে বালুসহ একটি ট্রাক্টর আটক করা হয়। আটককৃত বালুর স্তূপও অপসারণ করে ছড়ায় ফেলে দেওয়া হয় এবং আটক ট্রাক্টরটি পুটিজুরি পুলিশ তদন্ত কেন্দ্রে জব্দ করে রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়ে গেছে।









