অক্টোবরের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স
ডেস্ক রিপোর্ট:
চলতি অক্টোবর মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৯ কোটি ৮৮ লাখ ডলার।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ, চলতি বছরে একই সময়ের তুলনায় প্রবাসী আয় প্রবাহে সামান্য বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, শুধু ৭ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট এসেছে ৮২৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি।
এর আগে সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরজুড়ে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার)। যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা বজায় থাকলে চলতি অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং টাকার মান স্থিতিশীল রাখতে সহায়তা করবে।









