‘সড়কে আগুন দেওয়া’ ঘটনায় রাজশাহীর সাবেক ছাত্রদল নেতা শহীদ বহিষ্কার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
‘সড়কে আগুন দেওয়া’ ঘটনায় রাজশাহীর সাবেক ছাত্রদল নেতা শহীদ বহিষ্কার

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদার) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।”

এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদের সঙ্গে ছাত্রদলের কোনো স্তরের নেতাকর্মীরা সাংগঠনিক সম্পর্ক রাখবেন না।

এর আগে সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্রদল ও বিএনপির একাংশ বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকালে সড়কে টায়ারে আগুন দেওয়ার সময় শহীদুল ইসলাম শহীদের শরীরে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ তখন মনোনয়নপ্রত্যাশী নাসির হোসেন অস্থিরের সমর্থনে মাঠে ছিলেন।

বর্তমানে শহীদ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

নাসির হোসেন অস্থির হলেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে এবং রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

দলের অভ্যন্তরীণ মনোনয়ন–কেন্দ্রিক দ্বন্দ্বকে ঘিরেই এই সহিংসতা ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রাজনৈতিক মহল।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কেন্দ্রীয় কমিটি শূন্য সহনশীল অবস্থানে রয়েছে। যারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করবে বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”