‘প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক’— সেফ এক্সিট প্রসঙ্গে রুমিন ফারহানা
স্টাফ রিপোর্টার:
বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক। তারা দেশে অস্থিরতা সৃষ্টি হলে সহজেই বিদেশে চলে যেতে পারবেন, কিন্তু দেশের সাধারণ মানুষ বা রাজনীতিকদের সে সুযোগ নেই।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন,
> “সেফ এক্সিটের কথা কি আর বলব ভাই। প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক। তারা দেশে গণ্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবেন। পারবেন না আপনি, পারব না আমি। আমাদের কোনো দেশে ভিসা লাগানো নেই।
> সরকারকে অনুরোধ করি, এমন কোন কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজ করবেন স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রেখে—যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়।”
তিনি আরও বলেন,
> “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এটা ধরেই আমরা এগোচ্ছি। অনেকেই মনে করেন আওয়ামী লীগ নেই তাই নির্বাচন সহজ হবে। কিন্তু এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।”
রুমিন ফারহানা বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারই দেশের প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
সভা শেষে জনসমাগমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।









