৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তালিকায় ১৮ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনেই এমপি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের পাশাপাশি দলটি ইতোমধ্যে মাঠে নির্বাচনী প্রস্তুতি ও প্রচার-প্রচারণাও শুরু করেছে। প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করা প্রার্থীদের মধ্যে ১৮ জনই বিভিন্ন পেশার চিকিৎসক।
শনিবার (৮ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জামায়াতের শীর্ষ নেতৃত্বের দুইজন—দলটির আমীর ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের—ও চিকিৎসক পেশার প্রতিনিধিত্ব করছেন।
আমীর ও নায়েবে আমীরসহ ১৮ চিকিৎসক নির্বাচন মাঠে
তালিকা অনুযায়ী, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে এবং নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে আরও ১৬ জন চিকিৎসককে মনোনয়ন দিয়েছে দলটি।
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল শরীয়তপুর-২ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এছাড়া তালিকায় রয়েছেন অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান (কিশোরগঞ্জ-৩), অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর (রাজশাহী সদর-২), আল মানার হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলতান আহমেদ (বরগুনা-২) ও ডা. একেএম ফজলুল হক (চট্টগ্রাম-৯)।
চিকিৎসক প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন—
ডা. আবু বকর সিদ্দিক (মানিকগঞ্জ-১),
ডা. ফরিদুল আলম (চট্টগ্রাম-১২),
ডা. শাহাদাৎ হোসেন (চট্টগ্রাম-১৪),
যুক্তরাজ্যপ্রবাসী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ (যশোর-২),
ডা. মুহাম্মদ আবু নাছের (চট্টগ্রাম-৮),
ডা. এ কে এম আবদুল হামিদ (টাঙ্গাইল-৬),
ডা. এসএম খালিদুজ্জামান (ঢাকা-১৭),
ডা. এ টি এম রেজাউল করিম (চট্টগ্রাম-৭),
ডা. আব্দুল বারী (রাজশাহী-৪),
ডা. আব্দুর রহিম সরকার (গাইবান্ধা-৫) এবং
ডা. ফখরুদ্দিন মানিক (ফেনী-৩)।
প্রস্তুতি ও প্রচারণায় গতিশীল দলটি
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে নির্বাচনী মাঠে সংগঠনকে সক্রিয় করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠক, প্রচার প্রচারণার কর্মসূচি এবং ভোটারদের সঙ্গে যোগাযোগের উদ্যোগও চলছে।
জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে ইতোমধ্যে সংগঠনটির রাজনৈতিক কৌশল পুনর্গঠন করেছে বলেও জানা গেছে।









