২০০১ সালে বন্ধু ছিলাম, এবারও বন্ধু-বন্ধু ভোট করবো: জয়নুল আবদিন ফারুক
নোয়াখালী প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আমরা ২০০১ সালেও বন্ধু ছিলাম, এখনো বন্ধু। বন্ধু-বন্ধু ভোট করবো, এই রায় সবাই মেনে নেবো।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসায় সরকারি অনুমোদন, প্রথম বর্ষের উদ্বোধন ও নবভর্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে কে রাষ্ট্রক্ষমতায় আসবে। অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে, কারণ শেখ হাসিনাও নাই, তাদের গুন্ডা-পান্ডারাও নাই; যারা দিনের ভোট রাতে নিতো বা কেন্দ্র দখল করতো।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছর জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, আর বিএনপির লাখ লাখ নেতা-কর্মী, ছাত্রদের হত্যা ও নির্যাতন করা হয়েছে। তাই মতাদর্শে ভিন্নতা থাকলেও ২০০১ সালের মতো এবারও আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করবো। জনরায় যা হবে, আমরা তা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকায় থেকে উন্নয়ন করবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি আতাউর রহমান সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মাদরাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক এম এ আজিম চৌধুরী।
পরে অতিথিরা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা, কলম ও পরিচয়পত্র তুলে দেন।









